পার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

থানচিতে বনভূমি পুনরুদ্ধার কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা কর্মশালা

থানচি প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামে বনভূমি পুনরুদ্ধার ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমকে এগিয়ে নিতে বান্দরবানের থানচি উপজেলায় বার্ষিক অগ্রগতি পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১০ মার্চ ২০২৬) সকালে থানচি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে “Scaling up Forest Landscape Restoration in Chittagong Hill Tracts” প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

কর্মশালায় প্রকল্পের চলমান কার্যক্রম, বনভূমি সংরক্ষণ, পরিবেশ পুনরুদ্ধার এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অরণ্যক ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওয়াহিদ হোসেন, থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, সমাজসেবা অধিদপ্তরের সুপারভাইজার আমীর হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

 

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল বলেন, পার্বত্য চট্টগ্রামে বনভূমি ও জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন ধ্বংস ও অবৈধ গাছ কাটার মতো কার্যক্রম রোধে স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি এবং বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।

 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওয়াহিদ হোসেন বলেন, বনভূমি সংরক্ষণ করা গেলে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে এবং পাহাড়ি এলাকার মানুষের জীবনমান উন্নত হবে।

 

অরণ্যক ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলের বনভূমি পুনরুদ্ধার, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

 

কর্মশালাটি বাস্তবায়ন করে অরণ্যক ফাউন্ডেশন (Arannayk Foundation) এবং বিএনকেএস (BNKS)। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

Related Articles

Back to top button