Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চল

খাগড়াছড়িতে রুফটপ সোলার প্রসারে নীতিগত সহায়তার দাবিতে মানববন্ধন

খাগড়াছড়ি, ২২ ফেব্রুয়ারি ॥
“দশ লাখ রুফটপ সোলার, দশ লাখ কর্মসংস্থান” কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ ও নীতিগত সহায়তার দাবিতে খাগড়াছড়ি শহরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (FED) ও জাবারাং কল্যাণ সমিতি।

 

রবিবার সকালে জেলা সদরের বাজার ফান্ড কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী, পরিবেশকর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন। পরে পৌর প্রশাসক সাজিয়া তাহেরের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন FED-এর সভাপতি অরুন কান্তি চাকমা।

 

বক্তারা বলেন, জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির প্রসার অপরিহার্য। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাতে রুফটপ সোলার প্রকল্পকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তারা।

 

 

তাদের দাবির মধ্যে রয়েছে— রুফটপ সোলার খাতে সরকারি বরাদ্দ বৃদ্ধি, ভর্তুকি সম্প্রসারণ ও প্রয়োজনীয় সরঞ্জামে শুল্ক মওকুফ; স্থানীয় সরকার আইন ২০০৯ অনুযায়ী পৌরসভা ও সিটি কর্পোরেশনের মাধ্যমে সৌর বিদ্যুৎ উৎপাদনে কোম্পানি বা যৌথ উদ্যোগ গঠনের সুযোগ সৃষ্টি; এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহ দিতে প্রণোদনা ও সহজ ঋণের ব্যবস্থা।

 

 

বক্তারা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে রুফটপ সোলার বাস্তবায়নে সক্রিয় করা এবং সরকারি নীতিমালায় সৌর বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান। তারা জ্বালানি ন্যায়বিচার নিশ্চিত ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

 

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসার পরিবেশ সুরক্ষার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে।

 

এ সময় উপস্থিত ছিলেন জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম ম্যানেজার দয়ানন্দ ত্রিপুরা, FED-এর সাধারণ সম্পাদক ইখিন চৌধুরী, শ্যামল রোজারিও, নুরুল আলমসহ অন্যান্যরা।

 

Related Articles

Back to top button