
কুমিল্লা :
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জিংলাতলী এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে লক্ষ্মীপুরের রায়পুরগামী ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
ঘটনাস্থলেই নিহত হন দাউদকান্দি উপজেলার বাহাদুরখোলা গ্রামের বাসিন্দা অটোরিকশাচালক ফারুক (৪২) এবং বাসের যাত্রী মিজানুর রহমান (৪৮), যিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আহত সাতজন বাসযাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর বাসটি খাদে পড়ে যাওয়ায় এবং অটোরিকশাটি সড়কের ওপর দুমড়ে-মুচড়ে পড়ে থাকায় মহাসড়কের ওই অংশে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার জানান, দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।




