খাগড়াছড়িতে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি:
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর খাগড়াছড়ি–২৯৮ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. নুর ইসলাম নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ইশতেহার প্রকাশ করা হয়।
ইশতেহারে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নের অঙ্গীকার তুলে ধরা হয়। এতে ভূমি অধিকার নিশ্চিতকরণ, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির অবাস্তবায়িত ধারা বাস্তবায়ন এবং পাহাড়ে সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়।
এ ছাড়া কৃষি উন্নয়নে আধুনিক হিমাগার স্থাপন, ফল প্রক্রিয়াজাত করণ শিল্প গড়ে তোলা, প্রান্তিক কৃষকদের জন্য সুদমুক্ত ঋণ, প্রতিটি উপজেলায় আইটি ও কারিগরি শিক্ষা কেন্দ্র স্থাপন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষায় শিক্ষা সম্প্রসারণের প্রতিশ্রুতি দেওয়া হয়।
সাজেক সহ দুর্গম সড়ক উন্নয়ন, পর্যটন কেন্দ্র উন্নয়ন, প্রত্যন্ত এলাকায় উচ্চগতির ইন্টারনেট এবং খাগড়াছড়ি সদর হাসপাতাল আধুনিকায়নের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




