দুর্ঘটনাসারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ছনবাড়ী ব্রিজে ভয়াবহ দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার,মুন্সীগঞ্জ:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ী ব্রিজ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৬ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাতে মাওয়াগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি ট্রাককে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় বাসটি চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

 

দুর্ঘটনার পরপরই শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

আহতরা হলেন— নিয়ামত (২২), কোটালিপাড়া; ইয়াছিন (২৫), টুংগিপাড়া; হায়দার আলী (৫৫), মোল্লারহাট, বাগেরহাট; আমেদ মিয়া (৩৫), মোল্লারহাট, বাগেরহাট; জুলেখা আক্তার (৩০), মোল্লারহাট, বাগেরহাট এবং রেজবি মিয়া, মোল্লারহাট, বাগেরহাট।

 

 

দুর্ঘটনায় জড়িত বাসটি ‘টুংগিপাড়া এক্সপ্রেস’ (ঢাকা মেট্রো-ব ১৪-১১০৩) বর্তমানে হাঁসাড়া হাইওয়ে থানায় জিম্মায় রাখা হয়েছে। তবে ধাক্কা পাওয়া ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

 

 

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে। পরে বিকল্প রাস্তা ব্যবহার করে যান চলাচল স্বাভাবিক করা হয়।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এ ঘটনা ঘটেছে।

Related Articles

Back to top button