সারাদেশ

সদরপুরে বইপড়া উৎসব, শিক্ষার্থীদের বইমুখী করতে ব্যতিক্রমী আয়োজন

ফরিদপুর প্রতিনিধি:
তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানচর্চায় উৎসাহিত করতে ফরিদপুরের সদরপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বইপড়া উৎসব। এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।

 

 

বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় উপজেলা পরিষদের দরবার হলে সুজন (সুশাসনের জন্য নাগরিক), সাহিত্য সংগঠন কণ্ঠচয়ন এবং রিডার্স সোসাইটির যৌথ আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমেনা আক্তার মুন্নী।

 

 

সদরপুর সুজনের সভাপতি কবির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ মামুনুর রহমান, কথাসাহিত্যিক করিম রেজা বাবু, কাজী জেবুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বায়েজীদ খান এবং কবি সায়ীদ হাসান। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা অনুষ্ঠানে অংশ নেন।

 

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর এই সময়ে পাঠ্যবইয়ের পাশাপাশি জ্ঞানভিত্তিক, সৃজনশীল ও সাহিত্যধর্মী বই পড়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। বই মানুষের জ্ঞান, চিন্তাশক্তি ও মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং একজন শিক্ষার্থীকে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।

 

 

আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে বইমুখী করতে ভবিষ্যতেও আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করা হবে। বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, মননশীলতা ও বিশ্লেষণী ক্ষমতা আরও বিকশিত হবে বলেও আশা প্রকাশ করেন তারা।

 

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন লেখকের বই উপহার দেওয়া হয়।

Related Articles

Back to top button