সারাদেশ

শিবালয়ে জরাজীর্ণ মুক্তিযোদ্ধা কার্যালয়

নতুন ভবনের দাবি

স্টাফ রিপোর্টার,মানিকগঞ্জ:
মানিকগঞ্জের শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এতে মুক্তিযোদ্ধাদের সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা।

 

 

মুক্তিযোদ্ধারা জানান, কার্যালয়ের টিনের চাল ফুটো, দেয়ালের প্লাস্টার খসে পড়ছে। সামান্য বৃষ্টিতেই ভেতরে পানি ঢোকে। নড়বড়ে কাঠামোর কারণে ভবনটি এখন নিরাপত্তাঝুঁকিপূর্ণ। চার বছর আগে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও নতুন ভবন নির্মাণে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

 

 

শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দ জালালউদ্দিন বলেন, ভবনটি যেকোনো সময় ধসে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। শিবালয়ের ২০৪ জন মুক্তিযোদ্ধার মধ্যে বর্তমানে ৯৮ জন জীবিত। তাঁদের সম্মানে এবং সাংগঠনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানান তিনি।

 

 

জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আ. মান্নান বলেন, জায়গাটি নিয়ে আইনি জটিলতা থাকায় নতুন ভবন নির্মাণে বিলম্ব হচ্ছে। জটিলতা নিরসনের পর এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। আপাতত ভাড়া ঘরে কার্যক্রম চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকার বলেন, জমিজমার জটিলতা নিরসন করে উপযুক্ত জায়গা নির্ধারণ করা হলে নতুন মুক্তিযোদ্ধা সংসদ ভবন নির্মাণ সম্ভব।

 

 

সংসদ সদস্য এসএ জিন্নাহ কবীর বলেন, এ বিষয়ে এখনো কেউ তাঁর কাছে আবেদন করেননি। মুক্তিযোদ্ধারা যোগাযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

Related Articles

Back to top button