পানছড়িতে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পৃথক দুটি বিশেষ টহল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন ও গামারী কাঠ জব্দ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর লোগাং জোন।
মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকালে নায়েব সুবেদার মোঃ তুষার হোসেনের নেতৃত্বে উপজেলার আদি ত্রিপুরা পাড়া এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় সেগুন ও গামারীর গোল কাঠ উদ্ধার করা হয়।
একই দিন বিকেলে ফাতেমানগর এলাকায় দ্বিতীয় দফা অভিযানে আরও ২৪.৬৩ ঘনফুট সেগুন গোল কাঠ এবং ১৭.৯০ ঘনফুট গামারী গোল কাঠ জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, দুই দফা অভিযানে মোট ১২২.৬৪ ঘনফুট অবৈধ সেগুন ও গামারী কাঠ জব্দ করা হয়েছে।
পরে জব্দকৃত কাঠ আইনগত প্রক্রিয়া শেষে পানছড়ি বন বিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কাঠ পাচার রোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।




