লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, কলেজছাত্রী নিহত

চট্টগ্রাম ডেস্ক:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুরাইয়া জান্নাত (১৯) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে চুনতি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া জান্নাত বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের আরব শাহ ঘোণাপাড়া এলাকার মাওলানা আরিফুল রহমানের মেয়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কক্সবাজারগামী ইম্পেরিয়াল পরিবহনের একটি বাস এবং চট্টগ্রামমুখী পুরবী পরিবহনের একটি বাস চুনতি বাজার এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি বাসের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন।
খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সুরাইয়া জান্নাত মারা যান।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত দুটি বাস জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয়দের দাবি, মহাসড়কে দুর্ঘটনা রোধে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও জোরদার করা প্রয়োজন।




