
কুমিল্লা :
কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে গত আগস্ট মাসে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩টি মামলা করা হয়েছে। অভিযানে ১ হাজার ১৪৮টি ইয়াবা ও ১ কেজি ৮৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বিস্তার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের নির্দেশনায় আগস্ট মাসজুড়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসব অভিযানে মাদক কারবারি ও সেবনকারীদের গ্রেপ্তারের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া মাদক সেবনের দায়ে কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মুরাদনগরকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী বা তাদের পেছনে থাকা প্রভাবশালী কেউই ছাড় পাবে না।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি পরিবার ও সমাজের সচেতন মানুষের সহযোগিতা প্রয়োজন। কোথাও মাদক কেনাবেচা বা সেবনের তথ্য পাওয়া গেলে পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
স্থানীয় সচেতন মহলের মতে, পুলিশের ধারাবাহিক অভিযানের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলে মাদকের বিস্তার আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।




