পার্বত্য অঞ্চলবান্দরবান

পাহাড়ে খুমী গ্রামে হাম-রুবেলা আতঙ্ক, শুরু জরুরি চিকিৎসা ক্যাম্প

থানচি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের দুর্গম পাহাড়ি উপজেলা থানচির তিন্দু ইউনিয়নের কয়েকটি খুমী সম্প্রদায় অধ্যুষিত গ্রামে হাম-রুবেলা ও ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

 

 

 

শনিবার (২৭ জুন) সকাল থেকে দিনব্যাপী তিন্দু বাজারের সাংগু নদীর ঘাট প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও তিন্দু ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে আক্রান্ত ও ঝুঁকিতে থাকা শিশু এবং স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। পাশাপাশি হাম-রুবেলা প্রতিরোধে শিশুদের টিকাদান কার্যক্রমও পরিচালিত হয়।

 

 

তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা জানান, ইউনিয়নের ২ ও ৪ নম্বর ওয়ার্ডের কোঅং খুমী পাড়া, মাংলুং হেডম্যান খুমী পাড়া, পাকউ খুমী পাড়া ও কামসিং খুমী পাড়ায় গত কয়েকদিনে শতাধিক শিশু হাম-রুবেলা ও ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। বিষয়টি জানার পর স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে জরুরি চিকিৎসা সহায়তার ব্যবস্থা করা হয়।

 

 

তিনি বলেন, দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জনপ্রতিনিধিদের দায়িত্ব। দ্রুত এই উদ্যোগ গ্রহণের ফলে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং রোগ প্রতিরোধে সচেতনতামূলক পরামর্শও দেওয়া হচ্ছে।

 

 

থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ আয়মান বলেন, আক্রান্তদের চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন বিতরণের পাশাপাশি শিশুদের টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগের নজরদারি ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সময়োপযোগী ও জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে দ্রুত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Related Articles

Back to top button