পাহাড়ে শান্তি ফেরাতে সন্তু লারমার সঙ্গে আলোচনায় বসবেন ওয়াদুদ ভূইয়া

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে অস্ত্র ও সংঘাত পরিহারের আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া। এ লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)-এর সঙ্গে শিগগিরই আলোচনায় বসবেন বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দিনব্যাপী সফরকালে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সফরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময়, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্বোধন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নেন।
অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় ওয়াদুদ ভূইয়া পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মানুষের প্রতি শান্তি প্রতিষ্ঠায় অস্ত্র ও সংঘাতের পথ পরিহারের আহ্বান জানান। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাঁচ সেট বই বিতরণ ও বৃক্ষরোপণ করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিনের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সংসদ সদস্য। সভা শেষে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫টি অসহায় পরিবারের মধ্যে মোট ৩০ বান্ডিল ঢেউটিন ও চেকের মাধ্যমে নগদ ৯০ হাজার টাকার অর্থ বিতরণ করেন।
সফরকালে পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস উদ্বোধন করেন ওয়াদুদ ভূইয়া। এ ছাড়া উপজেলা পরিষদ মাঠে ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা উপভোগ এবং বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে অনির্বাণ শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও অংশ নেন।
সন্ধ্যায় পানছড়ি উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রয়াত ৭০ জন নেতাকর্মীর পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং তাঁদের সঙ্গে মতবিনিময় করেন। এ ছাড়া আদর্শ মুসলিমপাড়া মসজিদ, পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ভবন উদ্বোধন করেন।
এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহসভাপতি বেলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন,সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, জেলা যুবদলের সভাপতি মো. মাহবুবুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামাল উদ্দিন দীপ্ত, পানছড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আবসার ও সদস্য সচিব মো. সেলিম সহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




