দীঘিনালায় বন্যাদুর্গত ২০০ পরিবার পেল নগদ সহায়তা ও হাইজিন কিট

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বন্যাকবলিত কবাখালী ইউনিয়নের ২০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আনকন্ডিশনাল মাল্টিপারপাস ক্যাশ গ্র্যান্ট (এমপিসিজি) ও হাইজিন কিট বিতরণ করেছে জাবারাং কল্যাণ সমিতি।
শনিবার (২৫ জুলাই) স্টার্ট ফান্ড বাংলাদেশের অর্থায়নে এবং কারিতাস বাংলাদেশের সহযোগিতায় “Alert B075: Humanitarian Assistance to Flood and Landslide Affected People in Chattogram Division” প্রকল্পের আওতায় এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দীঘিনালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শফিউল আলম। সভাপতিত্ব করেন কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে মো. শফিউল আলম বলেন, খাগড়াছড়ির অন্যতম দুর্যোগপ্রবণ উপজেলা দীঘিনালা। প্রতিবছর মৌসুমি বন্যায় এ অঞ্চলের মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হন। এমন পরিস্থিতিতে সরকার ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, জরুরি প্রয়োজন পূরণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ অর্থ ও হাইজিন কিট তুলে দেওয়া হয়েছে। এ সহায়তা যথাযথভাবে ব্যবহার করার পাশাপাশি ভবিষ্যৎ দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বানও জানান তিনি।
জাবারাং কল্যাণ সমিতি জানায়, সাম্প্রতিক টানা ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির বিভিন্ন ইউনিয়নের মানুষের পাশে দাঁড়াতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও কারিতাস বাংলাদেশের সহায়তায় ধারাবাহিকভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি চাহিদা পূরণে নগদ সহায়তার পাশাপাশি স্বাস্থ্যবিধি সামগ্রী বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দীঘিনালা প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রানা, কারিতাস বাংলাদেশের খাগড়াছড়ি প্রতিনিধি শুভ্রা তেরেসা সরদার এবং জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের টিম লিডার বিদ্যুৎ জ্যোতি চাকমা।




