খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি :
‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের জন্য দুই দিনব্যাপী ‘প্রশিক্ষকদের প্রশিক্ষণ’ (ToT) শুরু হয়েছে।

 

 

রোববার (৪ অক্টোবর) সকালে খাগড়াছড়ি শহর সমাজসেবা কার্যালয়ের আধুনিক কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আব্দুল্লাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।

 

 

প্রশিক্ষণে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার ২৩ জন সমাজসেবা কর্মকর্তাকে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পরে তাঁরা মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ দেবেন।

 

 

জেলার নয় উপজেলায় এ কর্মসূচির আওতায় ২৮ জন সুপারভাইজার ও ২৯৮ জন তথ্য সংগ্রহকারী নির্বাচিত হয়েছেন।

 

 

প্রধান অতিথির বক্তব্যে ম্রাসাথোয়াই মারমা বলেন, প্রকৃত হকদার পরিবারকে সরকারি সহায়তার আওতায় আনতে তথ্য সংগ্রহকারীদের নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কোনো ধরনের প্রভাব বা পক্ষপাতের ঊর্ধ্বে থেকে সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

 

 

অনুষ্ঠানে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, জেলা পরিষদ সদস্য এম এন আবছার, তাজলিমা সিরাজ সীমাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button