ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা

খাগড়াছড়ি, প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি মানবিক সহায়তার অংশ হিসেবে ক্যান্সারে আক্রান্ত এক রোগীর চিকিৎসায় আর্থিক অনুদান দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (১২ আগস্ট) ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে লংগদু জোনের পক্ষ থেকে ডানে আটারকছড়া এলাকার রিয়েল চাকমার ক্যান্সারে আক্রান্ত পিতার উন্নত চিকিৎসার জন্য এ সহায়তা দেওয়া হয়।
রিজিয়ন কমান্ডারের নির্দেশনায় লেফটেন্যান্ট শাহরিয়ার নাফিস ভুক্তভোগী পরিবারের হাতে অনুদানের অর্থ তুলে দেন।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন রিয়েল চাকমার বাবা। আর্থিক অসচ্ছলতার কারণে উন্নত চিকিৎসা চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছিল। সেনাবাহিনীর এই সহায়তা চিকিৎসা অব্যাহত রাখতে পরিবারের জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে।
সহায়তা পেয়ে পরিবারের সদস্যরা লংগদু জোন ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুঃসময়ে পাওয়া এ সহায়তা চিকিৎসা চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয়রা বলেন, নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ পার্বত্য এলাকায় পারস্পরিক আস্থা ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখছে।
লংগদু জোনের পক্ষ থেকে জানানো হয়, শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন এবং মানবিক প্রয়োজনে সেনাবাহিনী পাশে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।




