খাগড়াছড়িতে প্রাণিসম্পদ সপ্তাহ শুরু, প্রদর্শনীতে ১০ স্টল
খাগড়াছড়ি প্রতিনিধি:
পাহাড়ের দুর্গম জনপদে সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও প্রাণি সম্পদ খাতের বিকাশে অবদান রাখছেন প্রান্তিক খামারিরা। গবাদি পশু, হাঁস-মুরগি ও অন্যান্য প্রাণী লালন-পালনের মাধ্যমে তাঁরা পরিবারের আয়ের পাশাপাশি স্থানীয় পর্যায়ে দুধ, ডিম ও মাংসের চাহিদা পূরণে ভূমিকা রাখছেন। এসব খামারি ও উদ্যোক্তাকে উৎসাহিত করা এবং প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা তুলে ধরতে খাগড়াছড়িতে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬।
‘প্রাণিসম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। র্যালিটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
সভায় বক্তারা বলেন, পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-জীবিকা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দুর্গম এলাকার অনেক খামারি নিজেদের উদ্যোগে পশুপালন ও খামার পরিচালনা করে স্থানীয় অর্থনীতিতে অবদান রাখছেন। তাঁদের উৎপাদিত প্রাণিজ আমিষ স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি করছে।
বক্তারা আরও বলেন, পাহাড়ের ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রান্তিক খামারিদের জন্য আধুনিক প্রশিক্ষণ, উন্নত জাতের গবাদিপশু, চিকিৎসা ও টিকাদানসেবা এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা প্রয়োজন। এসব সুবিধা নিশ্চিত করা গেলে খাগড়াছড়ির প্রাণিসম্পদ খাত আরও সম্প্রসারিত হবে এবং খামারিরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।
এ উপলক্ষ্যে খাগড়াছড়িতে ১০টি স্টলে খামারি ও উদ্যোক্তাদের অংশগ্রহণে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রজাতির গবাদিপশু ও প্রাণী প্রদর্শন করা হয়। স্থানীয় খামারিদের লালন-পালন করা এসব প্রাণীর পাশাপাশি প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা ও আধুনিক খামার ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, জেলা পরিষদ সদস্য ও অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ক্ষেত্র মোহন রোয়াজা, আব্দুল মালেক মিন্টু, নারায়ণ ত্রিপুরা, জেলা মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য রুমেল মারমা, কুহেলী দেওয়ান, তাছলিমা সিরাজ সিমা এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জুলফিকার আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, খামারি ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।




