পানছড়িতে ৩ বিজিবির মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম সনখলা এলাকায় অসহায়, হতদরিদ্র ও অসুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধীনস্থ সনখোলা ক্যাম্প হেলিপ্যাডে এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
পানছড়ি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট মো. আব্দুল মতিনের নেতৃত্বে পরিচালিত এ মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা দেন পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাকেশ ত্রিপুরা ও নিথি চাকমা।
পার্বত্য চট্টগ্রামের দুর্গম জনপদে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৩ বিজিবির জন কল্যাণ মূলক কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়। এ ধরনের উদ্যোগ দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তির সুযোগ বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।




