কিশোরীদের স্বাস্থ্যসচেতনতায় পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে সেনাবাহিনীর উদ্যোগ

পানছড়ি , খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়িতে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ও ব্যক্তিগত পরিচর্যা বিষয়ে সচেতনতা বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১৮ বেঙ্গল খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায়, পানছড়ি সাবজোনের সহযোগিতায় এবং এসিআই লিমিটেডের ফ্রিডমের পরিচালনায় এ কর্মশালার আয়োজন করা হয়।
ক্যাপ্টেন তানজিম ইসলাম অর্ণবের (আরএমও, ১৮ ইবি) নেতৃত্বে অনুষ্ঠিত কর্মশালায় ১০ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন শারীরিক পরিবর্তন, স্বাস্থ্যবিধি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় পরিচর্যা সম্পর্কে ধারণা দেওয়া হয়। কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে এসিআই লিমিটেডের পক্ষ থেকে এক প্যাকেট করে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি সাবজোন কমান্ডার ক্যাপ্টেন আশিকুজ্জামান আশিক, ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স খাগড়াছড়ির মেডিকেল অফিসার ক্যাপ্টেন মানিয়া মুর্শিদা তৃণ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র চাকমা। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা কর্মশালায় অংশ নেন।
সেনাবাহিনীর এ ধরনের স্বাস্থ্যসচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনগণ, শিক্ষক ও শিক্ষার্থীরা। তাঁরা পাহাড়ি জনপদে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।




