খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

৪৩ বছর পর খাগড়াছড়িতে চালু হলো নিজস্ব ট্রেজারি, কমবে দীর্ঘদিনের ভোগান্তি

জেলা ঘোষণার ৪৩ বছর পর অবশেষে নিজস্ব ট্রেজারি ভবন ও ট্রেজারি কার্যক্রম চালু হলো খাগড়াছড়ি পার্বত্য জেলায়। এর ফলে সরকারি আর্থিক ব্যবস্থাপনা, স্ট্যাম্পসহ ট্রেজারিসংশ্লিষ্ট বিভিন্ন সেবা পেতে জেলার বাইরে নির্ভরশীলতার অবসান ঘটছে। এখন থেকে স্থানীয় পর্যায়েই এসব সেবা পাওয়া যাবে।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নবনির্মিত ট্রেজারি ভবন ও কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দীন। জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের পরিকল্পনা ও উদ্যোগে এ কার্যক্রম চালু করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক সাদিয়া আফরিন কচি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানাসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৯৮৩ সালে খাগড়াছড়ি পার্বত্য জেলা হিসেবে ঘোষিত হওয়ার পর দীর্ঘ ৪৩ বছরেও জেলায় নিজস্ব ট্রেজারি ভবন ও কার্যক্রম চালু হয়নি। ফলে সরকারি অর্থ ব্যবস্থাপনা, স্ট্যাম্পসহ ট্রেজারিসংশ্লিষ্ট বিভিন্ন সেবা পেতে সরকারি দপ্তর, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ নাগরিকদের জেলার বাইরে নির্ভর করতে হতো। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি প্রশাসনিক কাজে নানা জটিলতা তৈরি হতো। দুর্গম ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থার কারণে এ ভোগান্তি ছিল আরও বেশি।

 

নতুন ট্রেজারি কার্যক্রম চালুর ফলে জেলার সরকারি দপ্তরগুলোর আর্থিক লেনদেন ও ট্রেজারিসংশ্লিষ্ট কাজ স্থানীয় পর্যায়েই সম্পন্ন করা সম্ভব হবে। পাশাপাশি সরকারি স্ট্যাম্প ও অন্যান্য ট্রেজারিসেবা সহজে ও দ্রুত পাওয়া যাবে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সাধারণ সেবাপ্রত্যাশীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে বলে আশা করছে জেলা প্রশাসন।

 

জেলা প্রশাসন আরও জানায়, ট্রেজারি কার্যক্রম চালুর জন্য জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, ডাবল লক ব্যবস্থা স্থাপন, অগ্নিনিরাপত্তা ও সার্বিক নিরাপত্তাসহ আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অর্থ বিভাগের অনুমোদন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

 

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গত সাত মাস ধরে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত ও তাঁর কার্যালয়ের কর্মকর্তাদের ধারাবাহিক প্রচেষ্টায় ট্রেজারি কার্যক্রম চালুর উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।

 

দীর্ঘ ৪৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নিজস্ব ট্রেজারি কার্যক্রম চালু হওয়াকে খাগড়াছড়ির প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। এর ফলে সরকারি আর্থিক ব্যবস্থাপনার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সরকারি সেবা কার্যক্রম আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

Related Articles

Back to top button