চট্টগ্রাম অঞ্চল

আত্মমর্যাদাসম্পন্ন প্রবাসী গড়ে তুলতে নোয়াখালীতে রেফারেল কর্মশালা

নোয়াখালী প্রতিনিধি:

বিদেশ ফেরত অভিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসন এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানিয়েছেন বক্তারা। একই সঙ্গে বিদেশ যাওয়ার আগে প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে নোয়াখালীর মাইজদীতে বিআরডিবি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম আয়োজিত জেলা রেফারেল কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

 

ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জিনাত রেহানা। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশীষ কুমার কর, সহকারী পুলিশ সুপার নুরুল হুদা ভূঁইয়া ও ডা. ফাত্তাহেল আলীম। সভাপতিত্ব করেন ব্র্যাক নোয়াখালীর জেলা সমন্বয়ক মো. নুরুজ্জামান।

 

কর্মশালায় বিদেশফেরত অভিবাসীদের কাউন্সেলিং, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান ও আর্থিক সহায়তাসহ বিভিন্ন সেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

 

বক্তারা বলেন, বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনর্বাসনে কার্যকর রেফারেল ব্যবস্থা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জরুরি। এতে অভিবাসীরা সহজে প্রয়োজনীয় সেবা পাবেন।

কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, বিদেশফেরত অভিবাসী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।

Related Articles

Back to top button