সীতাকুণ্ডে হত্যা মামলায় একতরফা প্রতিবেদন দেওয়ার অভিযোগ জামায়াতের

সীতাকুণ্ড ,চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে জামায়াতে ইসলামীর ১১ নেতাকর্মীর হত্যা মামলায় বাদীপক্ষকে না জানিয়ে একতরফা চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে দলটির উপজেলা শাখা।
বুধবার সন্ধ্যায় সীতাকুণ্ডের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জামায়াত নেতারা। এতে লিখিত বক্তব্য দেন জেলা জামায়াতের আইন সম্পাদক জসিম উদ্দিন আজাদ।
তাঁরা অভিযোগ করেন, মো. ওসমান হত্যা মামলায় বাদীপক্ষকে অবহিত না করে ইতিমধ্যে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দেওয়া হয়েছে। একইভাবে অন্য মামলাগুলোতেও সুষ্ঠু তদন্ত ছাড়াই প্রতিবেদন দেওয়ার চেষ্টা চলছে বলে দাবি করেন তাঁরা।
জামায়াত নেতাদের আরও অভিযোগ, কয়েকটি মামলার এজাহারভুক্ত আসামিরা প্রকাশ্যে চলাফেরা করলেও তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে না। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
সুষ্ঠু তদন্ত ছাড়া প্রতিবেদন দেওয়া হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা। প্রয়োজনে সীতাকুণ্ড থানা ঘেরাওয়ের কথাও জানান জামায়াত নেতারা।




