সারাদেশ

মেঘনায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ৫৭ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার মেঘনা উপজেলায় শ্রমিক দল নেতা মো. মহাসিন প্রধানের বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগে ১৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়েছে।

 

মঙ্গলবার রাতে মেঘনা থানায় বিস্ফোরক আইনে মামলাটি করেন মহাসিন প্রধান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে মহাসিন প্রধানের বাড়িতে ৫০–৬০ জনের একটি দল যায়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

এজাহারে সানাউল্লাহ সরকার, শফিক দেওয়ান ও আবদুল কাইয়ুমসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রবিউল্লাহ রবি ও তাঁর সহযোগীদের অভিযুক্তদের সহযোগিতার অভিযোগও আনা হয়েছে।

 

মামলার বাদী মহাসিন প্রধানের দাবি, শেখ হাসিনার জন্মদিন পালনকে কেন্দ্র করে জড়ো হওয়া ব্যক্তিদের বাধা দেওয়ার পর তাঁর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

 

তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই হবে। পুলিশ জানিয়েছে, মামলার আসামিদের গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া চলছে।

Related Articles

Back to top button