থানচিতে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি,থানচি ,বান্দরবান :
বান্দরবানের থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে উপজেলা আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে ৮ম শ্রেণির শিক্ষার্থী সাজমিদা আফরোজ তাবাচ্ছুম শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের বিতর্ক ক্লাবের আহ্বায়ক ও সহকারী শিক্ষক ছোটন দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল।
বিশেষ অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. পারভেজ, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা সোনা মিত্র চাকমা ও পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. জমির উদ্দিন।
ফাইনালে শিক্ষার্থীরা নির্ধারিত বিষয়ের পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপন করে। এতে তাদের যুক্তিবোধ, উপস্থিত বুদ্ধি, আত্মবিশ্বাস ও বক্তব্য উপস্থাপনের দক্ষতা ফুটে ওঠে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল বলেন, বিতর্ক শিক্ষার্থীদের যুক্তিবোধ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের বিতর্ক ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




