মা-শিশুর স্বাস্থ্য সুরক্ষায় পানছড়িতে ২১ দিনের প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
গর্ভকালীন স্বাস্থ্য ও পরিচর্যা, নিরাপদ প্রসব, নবজাতক ও শিশু স্বাস্থ্য এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতা বাড়াতে খাগড়াছড়ির পানছড়িতে বাংলাদেশ সেনাবহিনীর উদ্যোগে স্থানীয় শিক্ষিত নারীদের ২১ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় পানছড়ি আর্মি ক্যাম্পে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রশিক্ষণ চলবে।
প্রশিক্ষণে গর্ভকালীন ও প্রসব-পরবর্তী পরিচর্যা, নিরাপদ প্রসবের প্রস্তুতি, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, রোগের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরাও এতে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেবেন।
প্রশিক্ষণ কার্যক্রম তদারকি করেন আরএমও ক্যাপ্টেন তানজিম ইসলাম অর্নব। এ সময় পানছড়ি সাব-জোন কমান্ডার ক্যাপ্টেন আশিকুজ্জামান, নিসাচিং মারমা, কর্পোরাল নুরুল ইসলামসহ ৩৫ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এবং গর্ভবতী মা ও শিশুদের যথাযথ পরিচর্যা ও জরুরি প্রাথমিক চিকিৎসায় প্রশিক্ষণার্থীদের দক্ষ করে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।




