খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপন, মঙ্গল শোভাযাত্রা

খাগড়াছড়ি প্রতিনিধি:
ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। শুক্রবার সকালে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সী নারী-পুরুষ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা সদরের ২ নম্বর প্রকল্প গ্রাম ও বৃহত্তর সনাতনী ত্রিপুরা সমাজের আয়োজনে সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কয়েক কিলোমিটার ঘুরে শোভাযাত্রাটি পুনরায় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা। শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি জগমল ত্রিপুরার সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ধনেশ্বর ত্রিপুরা, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা, রাধা বঙ্কুবিহারী মন্দির পরিচালনা কমিটির সভাপতি অমৃত লাল ত্রিপুরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি দারুণ বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ধনেশ্বর ত্রিপুরা।
তিনি বলেন, শ্রীকৃষ্ণের শিক্ষা অন্যায় ও অশুভের বিরুদ্ধে দাঁড়াতে এবং সত্য ও ন্যায়ের পথে চলতে অনুপ্রেরণা দেয়। জীবনের অকল্যাণকর বিষয় পরিহার করে ভালোকে ধারণ করতে হবে।
জন্মাষ্টমীর দিনে অন্যায় পরিহার, সত্য ও ন্যায়কে ধারণ এবং মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রীকৃষ্ণের আদর্শ ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে পারলেই সমাজ ও দেশ আরও সুন্দর, শান্তিময় ও মানবিক হয়ে উঠবে।
মঙ্গল শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনা সভাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।




