খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

পানছড়িতে দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে লোগাং জোনের সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির পানছড়িতে আসন্ন দুর্গাপূজা ও বিভিন্ন ধর্মীয় দিবসকে কেন্দ্র করে পাহাড়ে শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে লোগাং জোনের নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

রবিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লোগাং জোন ও ৩ বিজিবির জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম।

 

 

সভায় জোন অধিনায়ক বলেন, বিভিন্ন ধর্মীয় দিবসে সম্ভাব্য সহিংসতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সমন্বিত কার্যক্রম জোরদার করা হয়েছে। আসন্ন দুর্গাপূজাকে ঘিরে শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাড়ানো হচ্ছে নজরদারি।

 

 

তিনি বলেন, মাদক ও চোরাচালান সহ সীমান্ত অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে। পাশাপাশি যেকোনো দুর্যোগে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে বিজিবি সদস্যরা সহযোগিতা করবেন। পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও আইন মেনে চলার মাধ্যমেই নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব।

 

 

সভায় পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা সুলতানা আক্তার, ৩ বিজিবির সহকারী পরিচালক মো. আব্দুল মতিন ও মো. শাহ আলম এবং উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ লিটন বৈষ্ণবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button