স্কুলছাত্রীকে মারধর করে কানের দুল ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ফেনী:
ফেনীর সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধর করে কানের দুল ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কিশোরগ্যাংয়ের দুই সদস্যের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিষয়টি জানাজানি হয়।
বুধবার বিকেলে স্কুল ছুটির পর উপজেলার মতিগঞ্জ আর.এম. হাট কে উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। পরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অভিযুক্ত ও ভুক্তভোগীরা সেখান থেকে চলে যায়।
ভুক্তভোগীর সহপাঠী মিরাজুল ইসলাম জানান, স্কুল ছুটির পর তিনি ওই ছাত্রীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় অয়ন (১৭) ও মেহেদি (১৬) নামে দুই কিশোর তাদের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাদের মারধর করে টাকা দাবি করা হয় এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়। একপর্যায়ে ছাত্রীর কানের দুল ও দুজনের কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়া হয়। প্রতিবাদ করায় মিরাজুলকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় এক মিনিটের ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের সামনে টিনশেড একটি ঘরে এক ছাত্রীকে আটকে রেখে দুই কিশোর তাকে মারধর করছে এবং টাকা দাবি করছে। এ সময় মিরাজুল ইসলাম ওই ছাত্রীর পক্ষে কথা বললে তাকেও মারধর করা হয়।
অভিযুক্ত কিশোরদের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোজবাউল রোমান বলেন, ‘তারা দলীয় কর্মী। এ কারণে তাদের সঙ্গে সম্পর্ক আছে। তবে তাদের ব্যক্তিগত অপরাধের দায় দল নেবে না।’
ভুক্তভোগী ছাত্রীর বাবা স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক। তিনি বলেন, শিক্ষার্থীরা স্কুলে যাতায়াতের পথে যদি কিশোরগ্যাং বা ছিনতাইকারীদের শিকার হয়, তাহলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এ ধরনের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় অনেকে পরবর্তী বিপদের আশঙ্কায় মুখ খুলতে চান না।
সোনাগাজী মডেল থানার ওসি আবুল হাশিম লিটন বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই উভয় পক্ষ সরে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তদন্ত করা হচ্ছে।




