দুর্ঘটনাসারাদেশ

মিঠামইনে বোনকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই সহোদরের

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পানিতে ডুবে রিবান মিয়া (৪) ও শাফা (দেড়) নামে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছোট বোনকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিয়েই প্রাণ হারায় বড় ভাই রিবান।

 

বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের পুরান বাড়ি এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

 

নিহত রিবান ও শাফা একই গ্রামের বাসিন্দা মোহাম্মদ রুবেল মিয়ার ছেলে ও মেয়ে।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির উঠানে খেলছিল দুই ভাই-বোন। একপর্যায়ে অসাবধানতাবশত ছোট বোন শাফা বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। বিষয়টি দেখে তাকে উদ্ধারে তাৎক্ষণিক পানিতে ঝাঁপ দেয় বড় ভাই রিবান। কিন্তু সাঁতার না জানায় দুজনই পানিতে তলিয়ে যায়।

 

অনেকক্ষণ ধরে শিশুদের কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ডোবায় তাদের ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

 

ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। একসঙ্গে দুই সন্তান হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তাদের বাবা-মা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

 

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Back to top button