
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ধানের চারা রোপণের সময় বজ্রপাতে শফিকুল ইসলাম (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম উপজেলার চরপলাশ গ্রামের সাধুরবাড়ি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নিজ জমিতে ধানের চারা রোপণের কাজ করছিলেন শফিকুল ইসলাম। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাত হয়। বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে শফিকুল ইসলামের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




