পার্বত্য অঞ্চলবান্দরবান

থানচিতে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে পুলিশ সার্ভিস ডেস্কের সেবা নিয়ে সচেতনতামূলক সভা

থানচি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের থানচি উপজেলায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলায় কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্কের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৬ জুলাই) দুপুরে থানচির হাইল্যান্ডার পার্ক রিসোর্টের হলরুমে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর সহযোগিতায় এবং থানচি থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

 

থানচি থানার সহকারী পরিদর্শক মশিউর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. নাঈম বিন শাহজাহান, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, থানচি থানার সহকারী পরিদর্শক হাসান মাসুদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

 

সভায় বক্তারা বলেন, জেন্ডারভিত্তিক সহিংসতা শুধু ব্যক্তি বা পরিবারের সমস্যা নয়; এটি সমাজের নিরাপত্তা, মানবাধিকার এবং সামগ্রিক উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নারী, শিশু, কিশোরী, প্রতিবন্ধী ব্যক্তি এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী শারীরিক, মানসিক, যৌন, অর্থনৈতিক ও অনলাইনসহ বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হতে পারেন।

 

 

বক্তারা আরও বলেন, কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্কের মাধ্যমে ভুক্তভোগীরা নিরাপদ পরিবেশে অভিযোগ জানাতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী সরকারি ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা পাবেন। পাশাপাশি স্কুল-কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাধ্যমে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

 

তারা বলেন, একটি নিরাপদ ও সহিংসতামুক্ত সমাজ গঠনে শুধু পুলিশের উদ্যোগই যথেষ্ট নয়। জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, যুবসমাজ, নারী সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রতিটি পরিবারের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধি ও ভুক্তভোগীদের পাশে দাঁড়ালে বৈষম্য ও সহিংসতামুক্ত, নিরাপদ, সমতাভিত্তিক এবং মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

 

 

সভায় থানচি থানার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, নারী প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।

Related Articles

Back to top button