
মানিকগঞ্জ প্রতিনিধি:
অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জের দৌলতপুরে এক বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৩ জুন) আয়োজিত এই প্রতিবাদ মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয় এসে শেষ হয়।
সমাবেশে দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ হামিদুর রহমান দুলাল এবং দৌলতপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান, কৃষক দলের সভাপতি আবু সাঈদ মুসা ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সোনাই সহ স্থানীয় ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অংশ নেয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “গণতন্ত্রবিরোধী শক্তির কোনো দল নেই, একটি মহল পরিকল্পিতভাবে মনগড়া তথ্য ছড়িয়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।” এসব অপতৎপরতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, “দেশ ও গণতন্ত্রের স্বার্থবিরোধী যেকোনো উগ্রতা, অপপ্রচার ও অগণতান্ত্রিক ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকব। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।”
সমাবেশে বক্তারা আরো বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতি মোকাবিলা করতে তৃণমূল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত রয়েছে। যেকোনো চক্রান্ত রুখে দিতে আগামী দিনেও রাজপথে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।




