থানচিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চারা গাছ বিতরণ

থানচি,বান্দরবান:
বান্দরবানের থানচি উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চারা গাছ বিতরণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ রক্ষা, বন উজাড় ও অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ ধ্বংসের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
শুক্রবার ১৯ জুন সকালে স্থানীয় মেঘবর্তী রিসোর্টের হল রুমে কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের পিএইপি-৩ (PAEP-III) প্রকল্পের উদ্যোগে থানচি উপজেলায় এই দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং বনায়নের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের পিএইপি-৩ (PAEP-III) প্রকল্পের বান্দরবান জেলার জেপিও ( এগ্রোইকোলজি) কর্মকর্তা উশৈনু মারমা সঞ্চালনা ও সভাপতিত্বে বান্দরবান জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট উবাথোয়াই মারমা প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, অন্যান্যদের মধ্যে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, ৩৬০ নং কোয়াইক্ষ্য মৌজা হেডম্যান রেংচিং ম্রো, একই প্রকল্পের মাঠ সহায়ক ছাইন থোয়াই গ্য চাক ও পংমে মার্মা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,এক সময় থানচি উপজেলা ছিল প্রাকৃতিক সম্পদে ভরপুর। পাহাড়ি ছড়া, বোল্ডার পাথর, বালি এবং বিভিন্ন প্রজাতির বনজ গাছে সমৃদ্ধ ছিল এ অঞ্চল। কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তি, অসাধু মহল এবং দায়িত্বশীলদের নীরব সহযোগিতায় এসব প্রাকৃতিক সম্পদ ধীরে ধীরে ধ্বংস হয়ে গেছে। এ ধ্বংস যজ্ঞে সাধারণ হতদরিদ্র মানুষ দায়ী নয়, বরং তারা আজ এর বিরূপ প্রভাব সবচেয়ে বেশি ভোগ করছে।
প্রকৃতি ধ্বংসের ফলে পাহাড়ে ভূমিধস, পানির সংকট, জীববৈচিত্র্যের ক্ষতি এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব দিন দিন বাড়ছে। তাই এখনই সময় পরিবেশ সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর।”
বক্তারা আর ও বলেন,শুধু সরকার বা প্রশাসনের উদ্যোগে পরিবেশ রক্ষা সম্ভব নয়। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। বৃক্ষরোপণ, পাহাড় কাটা বন্ধ, অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধ এবং বন সংরক্ষণে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
“বিশ্ব পরিবেশ দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার। একটি গাছ একটি প্রাণ—এই বিশ্বাস নিয়ে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং লাগানো গাছের পরিচর্যায় দায়িত্বশীল হতে হবে।”
অনুষ্ঠান শেষে উপস্থিতদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।




