থানচিতে কৃষিপণ্যের বাজারজাতকরণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

থানচি, বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের থানচি উপজেলায় কৃষকদের উৎপাদিত পণ্যের কার্যকর বাজারজাতকরণ ও বিপণন কমিটি সদস্যদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার মেঘবর্তী রিসোর্ট সেন্টার হল রুমে কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের পিএইপি-৩ প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলার প্রকল্পের উপকারভোগী বলীপাড়া ইউনিয়ন ও থানচি সদর ইউনিয়ন থেকে দুই ইউনিয়ন থেকে চারটি মার্কেটিং কমিটির সদস্যরা অংশ গ্রহণ করেন।
কৃষিপণ্য বাজারজাতকরণ, বিপণন কৌশল, বাজার ব্যবস্থাপনা, পণ্যের গুণগত মান বজায় রাখা এবং লাভজনকভাবে কৃষিপণ্য বিক্রির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের পিএইপি-৩ প্রকল্পের জিওসি ( এগ্রোইকোলজি) উশৈনু মারমা। এছাড়াও একই প্রকল্পের মাঠ সহায়ক ছাইন থোয়াই গ্য চাক ও পংমে মার্মা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং তারা নিজেদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সক্ষম হবেন। এতে স্থানীয় কৃষি অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়।




