
মেঘনা, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার মেঘনা উপজেলায় অটোরিকশার চাপায় মো. আব্দুল্লাহ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশায় থাকা সাদিকা আক্তার (২০) নামে এক তরুণী গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন ২০২৬) দুপুরে উপজেলার হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ হরিপুর গ্রামের মো: রবিকুল ইসলামের ছেলে।
সুত্র জানায়, উপজেলার হরিপুর গ্রামের দক্ষিণ পাড়া থেকে একই পরিবারের তিন সদস্য অটোরিকশাযোগে রামপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন। রেখা প্লাজা-সংলগ্ন এলাকায় পৌঁছালে শিশু আব্দুল্লাহ হঠাৎ বাড়ি থেকে রাস্তায় চলে আসে এবং অটোরিকশার নিচে পড়ে যায়। প্রথম ধাক্কায় শিশুটি আহত হলেও তখন তার অবস্থা আশঙ্কাজনক ছিল না। তবে চালক শিশুটির হাত-পা ভেঙে গেছে মনে করে দ্রুত গাড়ি ঘুরিয়ে স্থান ত্যাগের চেষ্টা করেন। এ সময় অটোরিকশার সামনের লোহার অংশ আব্দুল্লাহর মাথায় ঢুকে যায়। একপর্যায়ে অটোরিকশাটি উল্টে যায়।
দুর্ঘটনার সময় অটোরিকশায় থাকা আব্দুর রশীদের স্ত্রী আনিকা বেগম (৪০), তাঁর বড় মেয়ে সাদিকা আক্তার (২০) ও ছোট মেয়ে মার্জিয়া আক্তার (৫) আহত হন। তাঁদের মধ্যে সাদিকা গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাদিকাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শয্যা না পাওয়ায় পরে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। তবে এখনো ভুক্তভোগী পরিবার থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। যদি লিখিত অভিযোগ পাই তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




