মুরাদনগরে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে সাজা

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্টের অভিযোগে দুই মাদকসেবীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার নবীপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন, নবীপুর গ্রামের আমির হোসেনের ছেলে ইমন (১৯) এবং একই গ্রামের হোসেন মিয়ার ছেলে নাজমুল (২৭)।
জানা গেছে, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে ইমন ও নাজমুলকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালতে নেশাগ্রস্ত অবস্থায় জনগণের শান্তি বিনষ্টের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড এবং ২০০ টাকা করে জরিমানা করা হয়।
এ বিষয়ে ইউএনও এবিএম সারওয়ার রাব্বি ও মুরাদনগর থানার (ওসি) আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।




