খাগড়াছড়িতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞা।
সভায় জেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, বনজ সম্পদ রক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জেলার শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট সকল বিভাগের মধ্যে আরও কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞা জেলার উন্নয়ন ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি অপরাধ, মাদক ও সামাজিক অবক্ষয় রোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. শাহাদাৎ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন সরকারি দপ্তর ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখতে সংশ্লিষ্ট সকল পক্ষকে আরও আন্তরিক ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।




