রমেল চাকমার মৃত্যুবার্ষিকীতে খাগড়াছড়িতে প্রদীপ প্রজ্বলন

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
শহীদ ছাত্রনেতা রমেল চাকমার ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি সদর এলাকায় প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), খাগড়াছড়ি জেলা শাখা।
রবিবার (১৯ এপ্রিল ২০২৬) বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
কর্মসূচিতে জেলা শাখার অর্থ সম্পাদক স্বপন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সুনীল চাকমা।
স্বপন চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করতে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রের আইন ও সংবিধানের কাঠামোর মধ্য দিয়ে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সম্ভব।
সুনীল চাকমা বলেন, ২০১৭ সালে রমেল চাকমার মৃত্যুকে ঘিরে যে ঘটনাগুলো ঘটেছে, তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও উদ্বেগ রয়েছে। তিনি বলেন, এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।
বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব ও সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সকল নাগরিকের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে যথাযথ তদন্ত ও বিচার প্রক্রিয়া জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচি শেষে শহীদ রমেল চাকমার আত্মার শান্তি কামনা করা হয়।
তিনি দাবি জানিয়ে বলেন, অবিলম্বে শহীদ রমেল চাকমা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে, জড়িতদের সেনা সদস্য গ্রেফতার করতে হবে এবং পার্বত্য চট্টগ্রামে চলমান দমন-পীড়ন বন্ধ করে জনগণের নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে।




