খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে ওয়াসিম আকরাম (২৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চন্দন কান্তি নাথ এ রায় ঘোষণা করেন।

 

দণ্ডপ্রাপ্ত ওয়াসিম আকরাম উপজেলার গোমতি ইউনিয়নের কালাপানি এলাকার মৃত শওকত পিসির ছেলে।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৪ মে রাতে পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রী সাফিয়া আক্তার (২৫)-কে গলা টিপে হত্যা করেন ওয়াসিম। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে গলায় ফাঁস দিয়ে নাটক সাজানোর চেষ্টা করেন।

 

এ ঘটনায় নিহত সাফিয়ার বাবা মো. আব্দুল হাকিম বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় ৯ বছর বিচারাধীন থাকার পর মামলার শুনানি শেষে আদালত এ রায় দেন। বিচারকালে মামলার ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

 

রায় ঘোষণার পর আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট করিম উল্লাহ জানান, তারা এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন এবং আসামির সঙ্গে পরামর্শ করে উচ্চ আদালতে আপিল করবেন।

 

প্রসঙ্গত, দীর্ঘদিন পর রায় ঘোষণায় ভুক্তভোগী পরিবার কিছুটা স্বস্তি পেলেও বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়ে জনমনে প্রশ্ন রয়ে গেছে।

Related Articles

Back to top button