খাগড়াছড়িদুর্ঘটনাপার্বত্য অঞ্চল
পানছড়িতে চেঙ্গী নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

পানছড়ি, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে খেলা শেষে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে মৌচিং মারমা (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে উপজেলার লতিবান ইউনিয়নের উগ্যজাই পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মৌচিং মারমা ওই এলাকার বাসিন্দা উগ্যজাই মারমার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মৌচিং স্কুল থেকে বাড়ি ফিরে নালকাটা স্কুল মাঠে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলতে যায়। খেলা শেষে তারা পাশের চেঙ্গী নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে পানিতে লাফালাফির সময় মৌচিং হঠাৎ তলিয়ে যায়।
সহপাঠীদের চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




