
স্টাফ রিপোর্টার, মুন্সিগঞ্জ:
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কামারগাঁও পাকা ব্রিজ সংলগ্ন এলাকায় মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় রুমান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন, যাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
নিহত রুমান নবাবগঞ্জ উপজেলার কামারখোলা এলাকার তোতা মাঝির ছেলে। তার বাবা সৌদি প্রবাসী। পরিবারের দাবি, ছেলের জোরাজুরিতে প্রায় ১৫ দিন আগে তাকে একটি নতুন মোটরসাইকেল কিনে দেন। কিন্তু সেই মোটরসাইকেলই শেষ পর্যন্ত কেড়ে নিল তার জীবন।
জানা গেছে, রুমান সৌদি আরব যাওয়ার জন্য ভিসা প্রক্রিয়াধীন ছিল। ঈদের দিন সে তার নানার বাড়ি মধ্য বাঘড়ায় বেড়াতে যায়। বিকেল প্রায় ৩টার দিকে বাড়ি থেকে বের হলে কামারগাঁও ব্রিজ সংলগ্ন এলাকায় একটি আরাম পরিবহনের বাসের সাথে মোটরসাইকেলের পেছন দিক থেকে সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হয়।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমানকে মৃত ঘোষণা করেন। আহত হাবিব শেখ (১৮) ও জুবায়ের (১৬)-কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।




