খাগড়াছড়িতে জেলা পরিষদের উদ্যোগে অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের “পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা” কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন উপজেলার অসচ্ছল পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকাল থেকে জেলা পরিষদ প্রাঙ্গণে খাগড়াছড়ি সদর উপজেলার প্রায় চার শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে দিনব্যাপী খাগড়াছড়ি সদর উপজেলা, পানছড়ি উপজেলার মোল্লাপাড়া ও ফাতেমা নগর এলাকায় ভ্রাম্যমানভাবে ঈদ উপহার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
পরে জেলা সদরের শব্দমিয়া পাড়ায় অসহায় পরিবারের মাঝে নতুন শাড়ি ও বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
এছাড়া দুপুরে মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি, বড়নাল ইউনিয়ন, তবলছড়ি বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী, নতুন শাড়ি ও আর্থিক অনুদান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। তিনি বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে জেলা পরিষদ প্রতি বছরই বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা, মাহবুব আলম, বঙ্গমিত্র চাকমা, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঈদ উপহার পেয়ে উপকারভোগীরা জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগকে মানবিক সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।




