ভ্রাম্যমান আদালতে হাটহাজারীতে পাঁচ দোকানীকে জরিমানা

হাটহাজারী, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারীতে ঈদ বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ আবদুল্লাহ আল মুমিন। এর আগে বৃহস্পতিবার রাত ১১ টা থেকে ২ টা পর্যন্ত হাটহাজারীর বিভিন্ন ঈদ বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঈদ বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালন করার সময় অবৈধভাবে ফুটপাত দখল, কেনাবেচার সঠিক রশিদ/ডকুমেন্টস সংরক্ষণ না করে বেশিদামে বিক্রয়, যথাযথ লাইসেন্স না রাখা, অগ্নি নির্বাপণ ব্যবস্থা না রাখা ইত্যাদি অপরাধে জুয়েলকে ২০ হাজার, আবু তাহেরকে ১০ হাজার, লোকমানকে ১০ হাজার, মো. রায়হান রাজুকে ১০ হাজার ও মুশফিকুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনও মুহাম্মাদ আবদুল্লাহ আল মুমিন পবিত্র রমজানের ইদের শপিং যেন মানুষ নির্বিঘ্নে করতে পারে সেজন্য উপজেলা প্রশাসনের বাজার তদারকি ও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানান। কোথাও কোন অনিয়মের অভিযোগ পেলে তিনি উপজেলা প্রশাসনকে অবহিত করার অনুরোধ করেন।




