পরিবেশ সুরক্ষায় থানচিতে ৩,০৬৪ কৃষক পরিবার পেল জিও ব্যাগ

থানচি, বান্দরবান:
বান্দরবানের থানচি উপজেলা এলাকায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে ৩ হাজার ৬৪টি কৃষক পরিবারের মাঝে জিও ব্যাগ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ওয়ালিদ হোসেন শুভ এই কার্যক্রমের উদ্বোধন করেন।
“
অংশীদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সহনশীল জীবিকার জন্য সহায়তা” প্রকল্পের আওতায় স্থানীয় এনজিও বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) এই কার্যক্রম বাস্তবায়ন করছে। সহযোগিতায় রয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন এবং অর্থায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো, প্রেস ক্লাব সভাপতি অনুপম মারমা, বিএনকেএস প্রকল্প সমন্বয়ক পেশল চাকমা, টেকনিক্যাল অফিসার হ্লাগ্যউ মারমা এবং কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ ও উপসহকারী কৃষি কর্মকর্তা বিশ্বজিত দাশ গুপ্তসহ অন্যান্যরা।
আয়োজকরা জানান, উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে থানচি সদরে ৮১৬ পরিবার, বলীপাড়ায় ১,০৫৪ পরিবার, তিন্দুতে ৫৮৩ পরিবার এবং রেমাক্রী ইউনিয়নের ৬১৬ কৃষক পরিবার এই সহায়তা পাবে। প্রতিটি পরিবারকে ১১টি করে জিও ব্যাগের পাশাপাশি আদা, সবজি ও মরিচসহ ৬ প্রকার বীজ প্রদান করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পাহাড়ি অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় জিও ব্যাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে পাহাড় ধস প্রতিরোধ, সবজি চাষাবাদ এবং টেকসই জীবিকা উন্নয়নে এসব ব্যাগ ব্যবহার করা হবে।
প্রধান অতিথি কৃষিবিদ মোঃ ওয়ালিদ হোসেন বলেন, পাহাড়ি এলাকার কৃষকদের বিকল্প ও টেকসই কৃষি পদ্ধতিতে উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর। এতে পরিবারগুলোর আয় বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক প্রভাব পড়বে।
উপকারভোগী পরিবারগুলো এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দাতা সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। স্থানীয়দের আশা, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক প্রকল্প অব্যাহত থাকবে এবং পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।




