অপরাধচট্টগ্রাম অঞ্চল

টেকনাফে নাফ নদীতে ট্রলার সহ ৫ জেলে অপহরণ

কক্সবাজার প্রতিনিধি:
টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে মাছ শিকার শেষে ফেরার পথে ট্রলার সহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মি।

 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিন দ্বীপ উপকূলের নাইক্ষ্যংদিয়া নামক নাফ নদীর অংশ থেকে তাদের আটক করে নিয়ে যাওয়া হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, জেলেরা মাছ শিকার শেষে উপকূলে ফিরছিলেন। এ সময় সশস্ত্র সদস্যরা নৌকা নিয়ে এসে ট্রলারটি ঘিরে ফেলে এবং পাঁচ জেলেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন শাহপরীর দ্বীপ ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম। তিনি জানান, স্থানীয় জালিয়াপাড়া এলাকার মাহামুদুল্লাহর মালিকানাধীন ট্রলারটি নদীতে মাছ ধরার পর ফেরার পথে এ ঘটনা ঘটে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে এবং জেলেদের উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

 

 

অপহৃতরা হলেন শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা শাহেদ, শাহ আলম, আমির আব্বাস ও আবুল হোসেনসহ মোট পাঁচজন। তারা মাহামুদুল্লাহ নামের এক ব্যক্তির ট্রলারে মাছ শিকার করছিলেন।

 

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। সীমান্তবর্তী নাফ নদীতে এর আগেও জেলেদের আটকের ঘটনা ঘটেছে বলে জানা যায়। এলাকাবাসীর দাবি, সীমান্ত এলাকায় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

 

উল্লেখ্য, গত সোমবার আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় আরকান আর্মির সঙ্গে যোগাযোগ করে ৭৩ জন জেলেকে ফেরত আনা হয়। তাদের মধ্যে ৭ জন রোহিঙ্গা ও ৬৬ জন বাংলাদেশি জেলে ছিলেন। যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Related Articles

Back to top button