চন্দ্রনাথ ধাম তীর্থমেলা পরিদর্শনে এমপি আসলাম চৌধুরী
উন্নয়নে মেগা প্রকল্পের আশ্বাস

চট্টগ্রাম :
সীতাকুণ্ডে চন্দ্রনাথ ধাম-এ শিবচতুর্দশী উপলক্ষে অনুষ্ঠিত তীর্থমেলা পরিদর্শন করেছেন মোহাম্মদ আসলাম চৌধুরী। সোমবার মেলার শেষ দিনে তিনি সীতাকুণ্ড স্রাইন কমিটির প্রধান কার্যালয় মহন্ত আন্তান বাড়িতে পৌঁছালে তাকে স্বাগত জানান স্রাইন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন দাশ। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ তীর্থস্থান চন্দ্রনাথ ধামে শিবচতুর্দশী তিথি উপলক্ষে গত শনিবার থেকে শুরু হওয়া তিনদিনব্যাপী তীর্থমেলা সোমবার শেষ হয়।
পরিদর্শনকালে আসলাম চৌধুরী মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এসময় বিএনপির নেতৃবৃন্দ, মেলা কমিটির সদস্যবৃন্দ এবং স্রাইন কমিটির কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের জুনে তিনি ভূমি থেকে প্রায় ১,২০০ ফুট উঁচু চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত মন্দির পরিদর্শন করে উন্নয়ন সম্ভাবনা নিয়ে খোঁজখবর নেন।
স্বাগত বক্তব্যে অ্যাডভোকেট চন্দন দাশ বলেন, আসলাম চৌধুরী এই তীর্থক্ষেত্রের উন্নয়নে আন্তরিক। ছয় মাস আগেও তিনি পাহাড়চূড়ায় অবস্থিত মন্দির পরিদর্শন করে উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়েছিলেন। বর্তমানে তিনি সংসদ সদস্য; ভবিষ্যতে মন্ত্রী হলে এবং চন্দ্রনাথ ধামের উন্নয়নে সুদৃষ্টি দিলে তীর্থযাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।
শুভেচ্ছা বক্তব্যে মোহাম্মদ আসলাম চৌধুরী বলেন, আন্তর্জাতিকভাবে পরিচিত চন্দ্রনাথ ধামের উন্নয়নে ছোট প্রকল্প নয়, বরং মেগা প্রকল্প গ্রহণ করা প্রয়োজন। আগামী পাঁচ বছরের মধ্যে দৃশ্যমান ব্যাপক উন্নয়ন সাধিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।




