পানছড়িতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির পানছড়িতে অপারেশনের নামে তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।
২২ সেপ্টেম্বর ২০২৫ , সোমবার সকালে পানছড়ি শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সাড়ে ১০টার দিকে চেঙ্গী সারিবালা কলেজ থেকে মিছিলটি শুরু হয়ে পুজগাং বাজার প্রদক্ষিণ শেষে চেঙ্গী আইডিয়াল স্কুলের পাশে ধুধুকছড়া-পানছড়ি সদর সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে সংগঠনের প্রতিনিধি জিনিম চাকমা লিখিত বক্তব্যে অভিযোগ করেন, অপারেশনের নামে নিরাপরাধ মানুষকে হয়রানি, মারধর ও লুটপাট করা হচ্ছে। বিনা অনুমতিতে ঘরে ঢুকে জিনিসপত্র তছনছ করা হচ্ছে, এমনকি স্কুল ঘর দখল করায় পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। এতে আতঙ্কে অনেকেই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন।
এছাড়াও গত ২০ সেপ্টেম্বর জগপাড়ায় সুপ্রভাত চাকমা, নিশান্ত চাকমা ও রিপেন চাকমাকে অমানবিক ভাবে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন।
এ সময় সমাবেশ থেকে ৬ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো—
১) অপারেশনের নামে হয়রানি, নির্যাতন ও স্কুল দখল বন্ধ করতে হবে।
২) অনুমতি ছাড়া ঘরে তল্লাশি বন্ধ করতে হবে।
৩) ক্যাম্পের পাশে থাকা সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে।
৪) ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙে দিয়ে বিচারের আওতায় আনতে হবে।
৫) লুটকৃত টাকা-পয়সা ও জিনিসপত্র ফেরত দিয়ে ক্ষতিপূরণ দিতে হবে।
৬) ‘অপারেশন উত্তরণ’ তুলে নিতে হবে।




