শ্রীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ ও রক্তের গ্রুপ নির্ণয় সেবা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অগ্রগামী যুব সমাজকল্যাণ পাঠাগার ও ক্রীড়া সংঘের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার তিন দোকান বাজারে সংগঠনের কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে এলাকার অসংখ্য মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও রক্তের গ্রুপ নির্ণয়ের সুবিধা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঢ়ীখাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোলায়মান খান। সভাপতিত্ব করেন সৈকত শাহরিয়ার এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী।
এ সময় সংগঠনের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সজিব মণ্ডল, সিনিয়র সহ-সভাপতি লালন, রকি মৃধা, যুগ্ম সম্পাদক সজিব শেখ, শরীফ চৌধুরী, জাকির হোসেন পাপেল, আতিক, সাব্বির, আকাশ, কাউছারসহ সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আয়োজকরা জানান, সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি নিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।




