শ্মশানটিলায় যৌথ বাহিনীর অভিযান, পিস্তল-গুলিসহ আটক ১

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় তৈরি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলি সহ সাগর দেবনাথ (৬১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার শ্মশানটিলা এলাকায় সিন্ধুকছড়ি জোনের (২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) সেনা সদস্যরা রামগড় থানা-পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সাগর দেবনাথের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করা হয়।
আটক সাগর দেবনাথ রামগড় পৌরসভার শ্মশানটিলা গ্রামের মৃত জদু দেবনাথের ছেলে। তিনি রামগড় বাজারে কসমেটিকসের ক্ষুদ্র ব্যবসা করেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, চোরাইপথে ভারত থেকে কসমেটিকস সহ বিভিন্ন পণ্য এনে রামগড়ে বিক্রি করতেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির আলম জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র সংরক্ষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় উদ্ধার করা অস্ত্র ও গুলির উৎস এবং সেগুলো সংরক্ষণের উদ্দেশ্য খতিয়ে দেখছে পুলিশ।




