
শরণখোলা, বাগেরহাট :
বাগেরহাটের শরণখোলায় একটি বেসরকারি হাসপাতালের ওয়াশরুম থেকে এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে ওয়াশরুমের দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার পাঁচরাস্তা এলাকায় অবস্থিত গ্রামীণ জেনারেল হাসপাতালের ওয়াশরুম থেকে হাসিনা খানম (৩৪) নামে এক নার্সের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর ৪টার দিকে হাসপাতালের ওয়াশরুমের দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. অন্তরা দাস তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হাসিনা খানম গ্রামীণ জেনারেল হাসপাতালে কর্মরত ছিলেন। তার বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মহেশপাড়া গ্রামে। তিনি মৃত রফিক শেখের মেয়ে। তার স্বামী মো. জসিম হাওলাদার (৩০) শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের আব্দুল মালেক হাওলাদারের ছেলে। তাদের দুই ছেলে রয়েছে।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অন্তরা দাস জানান, হাসপাতালে আনার আগেই হাসিনা খানমের মৃত্যু হয়েছিল।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে গ্রামীণ জেনারেল হাসপাতালের পরিচালকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কাউকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।




