লোগাংয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ
সবুজায়নে আনসার-ভিডিপি দলনেতা জসিম উদ্দিনের উদ্যোগ

খাগড়াছড়ি প্রতিনিধি:
সরকার ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) ১ নম্বর লোগাং ইউনিয়নের দলনেতা মো. জসিম উদ্দিন।
মঙ্গলবার (২১ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়।
দলনেতা মো. জসিম উদ্দিন জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট, সংশ্লিষ্ট ব্যাটালিয়ন পরিচালক এবং উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাদের তত্ত্বাবধানে মাঠপর্যায়ে কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, তাঁর নিজস্ব পারিবারিক নার্সারিতে উৎপাদিত ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা শিক্ষার্থীদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা হচ্ছে।
আনসার-ভিডিপি সূত্র জানায়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
বাহিনীর নিজস্ব ‘সঞ্জীবন প্রকল্প’-এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী ও প্রশিক্ষিত যুবসমাজকে স্বাবলম্বী করার পাশাপাশি বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা হচ্ছে। এছাড়া রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে ডিজিটাল মনিটরিং এবং নিয়মিত তদারকির ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
স্থানীয়রা আনসার-ভিডিপি দলনেতা মো. জসিম উদ্দিনের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




